২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আধিপত্যের দ্বন্দ্ব, বাড়িঘরে ভাংচুর-লুটপাট

ফরিদপুরের সদরপুর উপজেলায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে প্রতিপক্ষের বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

ফরিদপুর প্রতিনিধি

মফিজুর রহমান শিপন,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2018, 07:29 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

মঙ্গলবার কৃষ্ণপুর ইউনিয়নের উত্তর যাত্রাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. বিল্লাল হোসেন ফকিরের সঙ্গে কৃষ্ণপুর মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আকতারুজ্জামান তিতাসের বিরোধ রয়েছে।

আকতারুজ্জামানের সমর্থক জব্বার মাতুব্বর ও বিল্লালের সমর্থক রতন মাতুব্বরের মধ্যে সোমবার রাতে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে মঙ্গলবার দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কিছু লোক জব্বার মাতুব্বরসহ কয়েকজনের বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ সময় জব্বার মাতুব্বর, বাকি মাতুব্বর, হাকিম মাতুব্বরের বাড়িতে আগুন দেওয়া হয়।  

হাকিম মাতুব্বরের স্ত্রী মনোয়ারা বেগম (৩২) বলেন, “আমরা বাড়িতে কাজ করছিলাম। হঠাৎ বিল্লাল চেয়ারম্যানের সমর্থকরা আমাদের বাড়িতে হামলা করে। হামলাকারীরা রামদা, কাতরা দিয়ে আমাদের বাড়িঘরের টিন কাটে। পরে বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়।”

জব্বার মাতুব্বরের স্ত্রী আকলিমা বেগম (৪৫) বলেন, “হামলাকারীরা আমাদের বাড়িতে এসে বাড়িতে ভাংচুর চালায়। আমার ঘরে থাকা বিভিন্ন সামগ্রী লুটপাট করে নিয়ে গেছে।”

সদরপুর থানার পরিদর্শক (তদন্ত) সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। ওই গ্রামসহ আশপাশের কয়েকটি গ্রামে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

এ ব্যাপারে কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ফকির বলেন, “এ ঘটনায় আমার কোনো সংশ্লিষ্টতা নেই। পারিবারিক বিরোধ থেকে এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে আমি জানতে পেরেছি।”