ফরিদপুরে প্রাক্তন স্ত্রীকে ছুরি মেরে হত্যা
ফরিদপুরের চরভদ্রাসনে প্রাক্তন স্বামী ছুরিকাঘাতে এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে চরভদ্রাসন থানার ওসি রাম প্রসাদ ভক্ত জানান।
নিহত রিক্তা বেগম (২২) সদরপুর উপজেলার খেজুর তলার বিশ্বাস ডাঙ্গী গ্রামের কালাম মোল্যার মেয়ে।
চরভদ্রাসন বাজারের ওষুধ ব্যবসায়ী মো. ইউসুফ আলীর বাড়িতে স্বামী শাহজালালউদ্দিন ও মেয়ে নিয়ে ভাড়া থাকতেন তিনি।
বাড়ির মালিক ইউসুফ বলেন, সদরপুর বাজারে জান্নাত সুইং নামে একটি দোকানের গত ৮ মার্চ সদরপুর থানার বাবুরচর খালাশী ডাঙ্গী গ্রামের শাহজালাল উদ্দিন বাসা ভাড়া নিয়ে রিক্তাকে স্ত্রী পরিচয় দিয়ে বসবাস শুরু করেন।
“সোমবার রাত ৯টার দিকে আমার দোকানে ওষুধ কিনতে যায় রিক্তা। ওষুধ কিনে ফেরার সময় উপজেলার পরিষদ সংলগ্ন চরভদ্রাসন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের মাঠে পূর্বের স্বামী আলমগীর ছুরি দিয়ে আঘাত করে।”
রিক্তার চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়।সেখানে তার পেটে বিঁধে থাকা ছুরিটি বের করে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
জালালউদ্দিন বলেন, তার দোকানে পোশাক তৈরি করতে এসে পরিচয় হয় রিক্তার সঙ্গে। সম্পর্কের এক পর্যায়ে দুজন গোপনে বিয়ে করে চরভদ্রাসনে বাসা ভাড়া করে রিক্তাকে ভরনপোষন দিতে থাকেন।
জান্নাত নামে তাদের পাঁচ বছরের মেয়ে রয়েছে বলে জানান তিনি।
ওসি রামপ্রসাদ বলেন, রিক্তার প্রথম স্বামী আলমগীরের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরের খরিবোনা গ্রামে। তাকে আটকের চেষ্টা চলছে।
