২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীর চরে গ্রামবাসীর সংঘর্ষ, টেটাবিদ্ধ ১৪

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে তিন নারীসহ অন্তত ১৪ জন টেটাবিদ্ধ হয়েছেন।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2018, 06:50 PM

Updated : 11 Oct 2022, 12:16 PM

দুর্গম চর এলাকা করিমপুর ইউনিয়নের রসুলপুর ও শুটকিকান্দি গ্রামে রোববার সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আব্দুর রউফ (৪৬), সীমান মিয়া (২৪), ইসমাইল (৩৮), সাদ্দাম হোসেন (২৪), রুবেল (২৬), জাহিদুল (১২), আশরাফুল (১৬), মাফিয়া খাতুন (৩৪), হোসনা বেগম (১৮), আঃ সালাম (৫৫), আনছর আলী (৫৫), মোর্শেদা বেগমকে (৩৫) নরসিংদী সদর হাসপাতালে এবং আব্দুর রহমান (৩৫), একরাম হোসেনসহ (৩০) বাকিদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, করিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা এবং একই ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা এক যুবলীগ কর্মীর সঙ্গে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ মামলা পাল্টা মামলা চলে আসছিল।

এর জের ধরে সকাল সাড়ে ১০টার দিকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

করিমপুর ইউপি চেয়ারম্যান হারিছ মিয়া জানান, দীর্ঘদিন যাবৎ এলাকার প্রভাব বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ ও পাল্টাপাল্টি মামলা চলে আসছিল।

“ইতিপূর্বে এলাকার ব্যবসায়ী আফজাল মনিরের নেতৃত্বে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হলেও সম্পূর্ণ সমাধান হয়নি। তাদের মধ্যে উত্তেজনা থেকে যায়।” 

নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন টেটাবিদ্ধদের দেখতে এসে সদর মডেল থানার ওসি সৈয়দুজ্জামান সাংবাদিকদের বলেন, ওই গ্রামের দুটি বিবদমান পক্ষের মধ্যে সংঘর্ষে ১১ জনের মতো টেটাবিদ্ধ হয়েছে। বিষয়টি তদন্ত করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।