পাবনায় মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ‘আ. লীগ নেতার’
পাবনায় এক মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।
শনিবার সন্ধ্যায় বেড়া উপজেলার আমিনপুর থানার জাতসাকিনী ইউনিয়নের নান্দিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে।
বেড়া উপজেলার মুক্তিযোদ্ধা মতিউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্কুল পড়ুয়া ছেলেদের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় সংসদ সদস্য আজিজুর রহমান আরজু একটি সালিশী বৈঠক করেন।
এ সময় তারা বাড়িতে ব্যাপক ভাংচুর করে এবং রাম দা দিয়ে বাড়ির বিভিন্ন স্থানে কুপিয়ে চলে যায়। তারা এই মুক্তিযোদ্ধাকে জবাই করে হত্যারও হুমকি দেয় বলেও তার দাবি।
তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান।
তিনি এই ঘটনার নিন্দা করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান।
জাতসাকিনী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি রওশন আলী ওরফে বিড়ি রওশন তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের ঘটনার সাথে আমি জড়িত নই। কে বা কারা তার বাড়িতে হামলা করেছে আমার জানা নেই।”
এ বিষয়ে সুজানগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, “বিষয়টি আমি শুনেছি; পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেছে। একজন মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়িতে হামলাকারী যারাই হোক না কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
