খুলনার বিএনপি নেতা দেনার কারণে আত্মগোপনে ছিলেন
গুম বা অপহরণ নয়, পাওনাদারের ভয়ে কক্সবাজারে আত্মগোপন করেছিলেন বলে জানিয়েছেন খুলনা জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম মোড়ল।
শুক্রবার বিকালে খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে নজরুল এ কথা জানান।
বিভিন্ন জনের কাছে তার ১৫ লাখ টাকা দেনা রয়েছে বলে নজরুল জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন খূলনার এসপি নিজামুল হক মোল্যা
গত ১৭ মার্চ বিকাল থেকে খুলনা জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মোড়লকে খুঁজে পাওয়া যাচ্ছিল না।
ওইদিন রাতে তার স্ত্রী তানজিলা বেগম ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরদিন জেলা বিএনপি খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে নজরুলকে গুম করা হয়েছে বলে দাবি করে।
শুক্রবারের সংবাদ সম্মেলনে খুলনার পুলিশ সুপার নিজামুল হক বলেন, ১৭ মার্চ নজরুল যশোরের কেশবপুর হয়ে ঢাকায় যান। পরদিন ঢাকা থেকে কক্সবাজারের রামু যান। রামুতে সাইফুল ইসলাম নামের এক ব্যক্তির বাড়িতে ছিলেন নজরুল। এক সময় খুলনা কারাগারে থাকাকালে সাইফুলের সঙ্গে নজরুলের পরিচয় হয়।
দাড়ি কামানোর পর নজরুল ইসলাম মোড়ল (নীল গেঞ্জি পরা)
“খুলনার ডুমুরিয়ার একটি মাদ্রাসার শিক্ষক নজরুল। ওই মাদ্রাসার আরেক শিক্ষকের ফোন ট্র্যাক করে নজরুলের নতুন নম্বর কক্সবাজারের রামু উপজেলায় রয়েছে বলে খুলনা পুলিশ জানতে পারে। এরপর বিষয়টি কক্সবাজার পুলিশকে জানানো হয়।”
এসপি বলেন, পরবর্তীতে কক্সবাজার পুলিশের সহায়তায় খুলনা জেলা পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে বুধবার রাতে রামু থেকে নজরুলকে আটক করে। পরে তাকে খুলনা নিয়ে আসা হয়।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এস এম শফিউল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সজীব খান, ডিবির ওসি শিকদার আক্কাস আলী ও ডুমুরিয়া থানার ওসি হাবিল হোসেন।
