খুলনার ‘নিখোঁজ’ বিএনপি নেতা কক্সবাজারে উদ্ধার
খুলনা থেকে ১৮ দিন আগে নিখোঁজ এক বিএনপি নেতার সন্ধান মিলেছে কক্সবাজারের রামুর এক পরিত্যক্ত বাড়িতে।
পুলিশ বলছে, জেলা বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম মোড়ল (৩৫) নিজেই ফোন করে ওই বাড়িতে তার অবস্থানের কথা পুলিশকে জানিয়েছেন।
পরিবার ও দলের পক্ষ থেকে বলা হচ্ছিল, নজরুলকে গুম করা হয়ে থাকতে পারে বলে তারা আশঙ্কা করছেন।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো.আফরুজুল হক টুটুল জানান, রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে বৃহস্পতিবার সকালে নজরুলকে তারা থানায় নিয়ে যান।
গত ১৭ মার্চ বিকালে খুলনার ডুমুরিয়া উপজেলার মাগুরঘোনা ইউনিয়নের বেতাগ্রামের বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন নজরুল।
পরদিন নজরুলের স্ত্রী তানজিলা বেগমকে নিয়ে খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান বলেন, নজরুল ইসলামকে গুম করা হয়েছে বলে তাদের সন্দেহ।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের নজরুলের ছবি দেখাচ্ছেন তার স্ত্রী তানজিলা বেগম।
সেদিন সন্ধ্যায় ডুমুরিয়া উপজেলার আটালিয়া এলাকায় স্থানীয়রা ভাড়া করা ওই মোটরসাইকেল, চাবি ও টুপি পড়ে থাকতে দেখেন বলেও দাবি করেন এজাজ।
মাদ্রাসা শিক্ষক নজরুল বিএনপির রাজনৈতিক আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে গিয়ে ‘সরকারের রোষানলে পড়ে’ জেল খেটেছেন বলেও অভিযোগ করা হয় ওই সংবাদ সম্মেলনে।
নজরুল নিখোঁজ থাকার কথা জানিয়ে তার স্ত্রী ডুমুরিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছিলেন।
পুলিশ সুপার টুটুল বলেন, বৃহস্পতিবার সকালে নজরুল তার মোবাইল ফোন থেকে পুলিশক কল করে তুলাবাগান এলাকায় ওই বাড়িতে অবস্থানের কথা জানান।পরে পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে পেয়ে থানায় নিয়ে যায়।
নজরুলকে রামু থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এ বিষয়ে জানতে খুলনার পুলিশ সুপার নিজামুল হক মোল্ল্যার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কক্সবাজারের পুলিশ নজরুলের সন্ধান পেয়েছে বলে তারা খবর পেয়েছেন।তাকে ফিরিয়ে আনতে ইতোমধ্যে খুলনা থেকে পুলিশ পাঠানো হয়েছে।
