গাজীপুরে ২ বাড়িতে অগ্নিকাণ্ড
গাজীপুর সদর উপজেলায় পৃথক ঘটনায় দুই বাড়িতে অগ্নিকাণ্ডে চারটি ঘর পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আল-আমিন জানান, সদর উপজেলার হোতাপাড়া কড়ইতলী এলাকায় বুধবার রাত দেড়টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায় জানিয়ে তিনি বলেন, আগুনে সেমিপাকা বাড়িটির তিনটি ঘর আসবাবপত্রসহ পুড়ে গেছে।
“ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।”
এছাড়া গাজীপুর সিটি করপোরেশনের জয়দেবপুর বাজার এলাকায় একই রাতে একটি বাড়িতে আগুন লেগে একটি ঘর ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. জাকির হোসেন।
