সন্ত্রাস দমনে বাংলাদেশ পুলিশ রোল মডেল: আইজিপি
জঙ্গিবাদ দমনে বাংলাদেশের পুলিশ বিশ্বের কাছে উদাহরণ হয়েছে বলে মনে করেন পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।
বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তিনি বলেন, দেশব্যাপী জঙ্গিবাদ দমনে পুলিশ যে ভূমিকা পালন করেছে তা বিশ্বের কাছে বিস্ময়। জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে বিশ্বের কাছে রোল মডেল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ।
“হলি অর্টিজেনে হামলার খুব অল্প সময়ে আমরা ঘুরে দাঁড়িয়েছি, যেভাবে ১৯৭১ সালে ঘুরে দাঁড়িয়েছিলাম।”
মাদক ও জঙ্গিবাদকে তিনি প্রধানমন্ত্রীর ‘ভিশন ২০২১’ ও ‘ভিশন ২০৪১’ বাস্তবায়নে প্রধান বাধা বলে মনে করেন।
হতাশার কারণে তরুণরা সন্ত্রাসবাদের দিকে ঝুঁকছে, মাদক নিচ্ছে উল্লেখ করে আইজিপি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এসব থেকে দূরে সরিয়ে রাখতে শিক্ষকদের প্রতি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম আব্দুস সোবহানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা, প্রক্টর লুৎফর রহমান, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. খুরশীদ হোসেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাদাকাত মাহমুদ ও মেহজাবিন কথা।
