টাঙ্গাইলে কুড়িয়ে পাওয়া ‘গোলা’ বিস্ফোরণে নারী নিহত
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কুড়িয়ে পাওয়া একটি পরিত্যক্ত ‘গোলার’ বিস্ফোরণে এক নারী নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিন জন।
বুধবার দুপুরে মাইধারচালা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ময়না খাতুন (২৫) ঘাটাইলের দিগড় ইউনিয়নের মানাজি মাইধারচালা গ্রামের মৃত ইয়াকুব আলীর মেয়ে।
আহতরা হলেন একই এলাকার জয়েন উদ্দিন (৬০), তার ভায়রা ভাই কালিহাতী উপজেলার এলেঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাক (৫২) ও মানাজি মাইধারচালার কাঠমিস্ত্রী মো. শরীফ (৪০)।
তাদেরকে ঘাটাইলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘাটাইল থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, ময়না খাতুন দুপুরে ঘাটাইল শহীদ সালাহউদ্দিন সেনানিবাসের মাইধারচালা লং ফায়ারিং রেঞ্জ এলাকায় একটি পরিত্যক্ত তাজা গোলা ও একটি গোলার খোসা কুড়িয়ে পান। সেগুলো তিনি ব্যাগে করে বাড়িতে নিয়ে আসেন।
“বাড়ি গিয়ে ব্যাগ থেকে গোলা ও খোসা ঢেলে দিলে গোলাটি বিস্ফোরিত হয়। এতে ময়না খাতুন ঘটনাস্থলেই নিহত হন।”
