মোবাইলে ফোন করে প্রতারণা, আটক ৩
মোবাইলে ফোন করে লটারি জেতার প্রতারণার অভিযোগে ফরিদপুরে তিনজনকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার কানাই লাল সরকার জানান, সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন ভাঙ্গা উপজেলার কুদ্দুস মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৩২), আইয়ুব আলীর ছেলে ইমরান (২২) ও মাদারীপুরের শিবচর এলাকার মৃত কফিল উদ্দিন ফকিরের ছেলে শের আলম ফকির (৩৪)।
পুলিশ কর্মকর্তা কানাই লাল বলেন, আটকরা মোবাইল ফোন করে প্রতারণা চক্রের সক্রিয় সদস্য। এরা কখনও জ্বিনের বাদশা, লটারি জেতাসহ নানা কায়দায় মোবাইলের মাধ্যমে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়।
“এরা স্থানীয়ভাবে ওয়েলকাম পার্টি হিসেবে পরিচিত। গত ৪ ফেব্রুয়ারি ফরিদপুরে বিকাশ এজেন্ট মাহাবুবুর রহমান এর কাছ থেকে বিকাশ কর্মকর্তা পরিচয় দিয়ে ১৫ হাজার টাকা হাতিয়ে নেয়।”
পরে প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন তিনি। পিবিআইর তদন্ত দল ঘটনার সত্যতা এবং ওয়েলকাম পার্টির সন্ধান পায় বলে জানান তিনি।
