২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের প্রতিবাদে কক্সবাজারে আলোর মিছিল

হবিগঞ্জে বিউটিকে ধর্ষণের পর হত্যাসহ বিভিন্ন সময় দেশব্যাপী ঘটে যাওয়া ধর্ষণ ও হত্যার ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে কক্সবাজারে বিভিন্ন সংগঠন মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2018, 11:15 AM

Updated : 11 Oct 2022, 12:15 PM

শিশু-কিশোর সংগঠন খেলাঘর, ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন কক্সবাজার জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।   

এ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কক্সবাজার পৌরসভা কার্যালয় থেকে সোমবার রাতে মশাল মিছিল নিয়ে বেরিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে পৌরসভা কার্যালয়ে ফিরে প্রতিবাদ সমাবেশে মিলিত হন।

জেলা খেলাঘর আসরের সভাপতি আবুল কাশেম বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সদস্য স্বপন রায় চৌধুরী, খেলাঘর আসরের সাধারণ সম্পাদক করিম উল্লাহ করিম, সাংবাদিক শংকর বড়ুয়া রুমি, সিমুনিয়া খেলাঘর আসর সভাপতি জসিম উদ্দিন, জেলা যুব ইউনিয়ন সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার মার্টিন, যুবনেতা শহীদুল্লাহ শহীদ, জেলা ছাত্র ইউনিয়ন সভাপতি অর্পণ বড়ুয়া সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত, শ্রমিক নেতা এ কে ফরিদ আহমদ।

সাংবাদিক মুহাম্মদ আলী জিন্নাত বলেন, “দেশব্যাপী দিন দিন যে হারে নারী ও শিশু ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যাকাণ্ডের ঘটনা বাড়ছে তা খুবই উদ্বেগজনক। এতে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া এ সব ঘটনা দিন দিন বাড়ছে।”

সমাবেশে বক্তারা কুমিল্লার তনু এবং হবিগঞ্জের বিউটি হত্যাসহ এ ধরনের সব অপরাধে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।