নড়িয়ায় কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার
শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পুকুর খননের সময় একটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি পাওয়া গেছে।
সোমবার ফতেজংপুর ইউনিয়নের সাতপার গ্রামে আবুবক্কর খান বাচ্চুর বাড়ি থেকে এই মূর্তি উদ্ধার করা হয়।
আবুবক্কর বলেন, ১৫ বছর আগে অমাদের এ পুকুর খননের সময় ৪০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া গিয়েছিল। সোমবার আবার পুকুরটি খননের সময় ২০ কেজি সাতশ গ্রাম ওজনের আরেকটি বিষ্ণুমূর্তি পাওয়া গেল।
মূর্তিটি নড়িয়া থানায় জমা দেওয়া হয়েছে বলে জানান তিনি।
নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, খবর পেয়ে ফতেজংপুর সাতপাড় এলাকা থেকে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এটি থানা হেফাজতে আছে। পরবর্তীতে ঢাকায় প্রত্নতত্ত্ব বিভাগে পাঠানো হবে।
“মূর্তিটির দৈর্ঘ্য ২ ফুট ৫ ইঞ্চি, প্রস্থ ১ ফুট ২ ইঞ্চি এবং ওজন ২০ কেজি সাতশ গ্রাম।”
এ মূর্তিটির আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা বলে জানান ওসি।
