২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা শরীয়তপুরে

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে থানায়।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2018, 06:04 PM

Updated : 19 Aug 2022, 01:50 PM

নলমুড়ি ইউনিয়নের চরবোয়াই গোল্ডেন কিন্ডারগার্টেনের এক আয়ার বাবা রোববার গভীর রাতে গোসাইরহাট থানায় মামলাটি দায়ের করেন।

আসামি এনামূল হক সুজন গোসাইরহাটের নলমুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তাকে এখনও গ্রেপ্তার করা যায়নি।

মামলায় অভিযোগ করা হয়, চরবোয়াই গোল্ডেন কিন্ডারগার্টেনের ওই কিশোরী আয়া (১৪) রোববার সকালে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে একই গ্রামের বাবুল সরদারের ছেলে নলমুড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামূল হক সুজন মেয়েটিকে মুখ চেপে জড়িয়ে ধরে ধর্ষনের উদ্দেশ্যে পাশের নির্জন জায়গায় নিতে টানাহেঁচড়া করে। এ সময় মেয়েটির গায়ের কাপড় ছিঁড়ে যায় এবং মেয়েটি আহত হন।

মেয়েটির আর্তচিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে।

গোসাইরহাট থানার ওসি মেহেদী হাসান বলেন, রোববার রাতে অভিযোগ পাওয়ার পর  মামলা নেওয়া হয়েছে। সুজন পলাতক; তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঘটনার পরপর গোসাইরহাট উপজেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা ফরাজি কমিটির জরুরি সভা ডাকেন।

সভায় এনামূল হক সুজনকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মোস্তফা জানান।

পুরনো খবর:

ছাত্রলীগ নেতার বিরুদ্ধে আয়ার শ্লীলতাহানির অভিযোগ