বেনাপোল বন্দরে মোটর যন্ত্রাংশ ছাড়করণে অচলাবস্থা
যশোরের ব্যবসায়ী ও আমদানিকারকদের বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন/বিন) বন্ধ করে দেওয়ায় বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা মোটর পার্টস ছাড়করণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
আমদানিকৃত মোটর পার্টস খালাস নিতে না পারায় যশোরের দুই শতাধিক আমদানিকারক যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তেমনি দেশের মোটর পার্টসের বাজারে এর বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
রাজস্ব কর্মকর্তারা বলছেন, ১৯৯১ সালের ভ্যাট আইন অনুযায়ী ব্যবসায়ীদের ৪ শতাংশ ভ্যাট দিয়ে রিটার্ন দাখিল করার নিয়ম থাকলেও তারা তা না করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, এই নিয়মের কথা আগে তাদের জানা ছিল না । এমনকি কাস্টমসের পক্ষ থেকেও এ ব্যাপারে তাদের অবগত করানো হয়নি।
মোটর পার্টস ও টায়ার-টিউব ব্যবসায়ী সমিতি যশোর অঞ্চলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ বলেন, ৪ শতাংশ ভ্যাট দিয়ে রিটার্ন দাখিল করার বিষয়টি ব্যবসায়ীদের জানা ছিল না। মাসখানেক আগে বেনাপোলে পণ্য ছাড় করাতে গিয়ে বিআইএন ব্লক দেখতে পেয়ে কাস্টমস, ভ্যাট ও এক্সাইজ কমিশনারেট যশোর কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানান আগের বছরগুলোর রিটার্ন দাখিল করে বিআইএন সচল করতে হবে।
এক্ষেত্রে ব্যবসায়ীদের লাখ লাখ টাকার বকেয়া ভ্যাট পরিশোধ করতে হবে বলে তিনি জানান।
"সমিতির পক্ষ থেকে যশোর অঞ্চলের ভ্যাট কমিশনারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি যার যা বকেয়া পড়েছে তার চার ভাগের এক ভাগ দিয়ে বিআইএন পুনরায় সচল করা এবং বাকি টাকা পরে দেওয়ার কথা বলেন।"
“প্রতিটি পণ্য আমদানির সময় শুল্কের পাশাপাশি ৪ শতাংশ ভ্যাট দিচ্ছি। প্যাকেজ ভ্যাটও দিয়েছি। এখন আরও ৪ শতাংশ ভ্যাট দাবি করা হচ্ছে' উল্লেখ করে সমিতির সভাপতি শাহিনুর হোসেন ঠান্ডু অভিযোগ করেন, বগুড়ায় ব্যবসায়ীদের কাছ থেকে পুরনো ভ্যাট নেওয়া হচ্ছে না। ঢাকায় প্রতিটি বিল অব এন্ট্রিতে ১০-১৫ হাজার টাকা নিয়ে তাদের বিআইএন চালু করে দেওয়া হচ্ছে। অথচ যশোরে সে সুযোগ দেওয়া হচ্ছে না।
ঠান্ডু বলেন, যশোরের মোটর পার্টস আমদানিকারকদের সবাই বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি করেন। এ খাত থেকে সরকারের বছরে ৩০০-৪০০ কোটি টাকা রাজস্ব আয় হয়। আগের ভ্যাটের জন্য যে টাকা চাওয়া হচ্ছে, তা পরিশোধ করতে হলে ব্যবসায়ীদের সবাই পথে বসে যাবে।
সমিতির নেতারা জানান, বিআইএন ব্লক থাকায় অনেক আমদানিকারকের পণ্য চালান বেনাপোল বন্দরের গুদামে পড়ে রয়েছে। তারা পণ্য ছাড় করাতে পারছেন না। অনেকের পণ্যচালান ভারতের পেট্রাপোল বন্দরে চলে এসেছে। আবার একই কারণে নতুন করে কেউ ঋণপত্রও খুলছেন না। ফলে চলতি মাসের শুরু থেকে বেনাপোল বন্দরে দিয়ে সব ধরনের মোটর পার্টস আমদানি বন্ধ হয়ে গেছে।
যশোরের 'এসএম মোর্টরস' এর মালিক মশিয়ার রহমান বলেন, তার আমদানি করা ৫৩ পিস বাস-ট্রাকের রিকন্ডিশন ইঞ্জিন এখন বন্দরের গুদামে পড়ে রয়েছে। বিআইএন ব্লক থাকায় এগুলো তিনি খালাশ নিতে পারছেন না।
মশিয়ার আরও বলেন, আমদানিকৃত পণ্যগুলোর মোট মূল্য প্রায় ২১ লাখ টাকা। এগুলো ছাড় করালে সরকার ১৫ লাখ টাকার রাজস্ব পেত।
যশোরের আমদানিকারক 'কোয়ালিটি ইন্টারন্যাশনালের' ব্যবস্থাপক কামরুল হাসান রুবেল বলেন, তার প্রতিষ্ঠানকে বকেয়া ভ্যাট হিসেবে ৮৬ লাখ টাকা পরিশোধ করতে বলা হয়েছে। বিআইএন ব্লক ছাড়ানোর জন্য এখন ২১ লাখ ৫০ হাজার টাকা দিতে বলা হয়েছে। বাকি টাকা পরে দিতে হবে।
“কিন্তু এই টাকা পরিশোধ করে ব্যবসা করা আমার পক্ষে একেবারেই অসম্ভব।”
ভ্যাট কমিশনারেট যশোর অঞ্চলের কমিশনার মোহাম্মদ শওকাত হোসেন বলেন, ব্যবসায়ীদের তো নিয়ম অনুযায়ী ভ্যাটের টাকা দিতেই হবে। যার যা বাকি পড়েছে, আপাতত তার কিছু অংশ পরিশোধ করে বিআইএন পুনরায় সচল করে নেওয়া যাবে। বাকিটা পর্যায়ক্রমে দিতেই হবে।
যশোরে মোট এক হাজার ৬০০ ব্যবসায়ীর বিআইএন ব্লক করা হয়েছে। এদের মধ্যে বকেয়ার কিছু অংশ পরিশোধ করে কিছু ব্যবসায়ী তাদের বিআইএন পুনরায় সচল করে নিয়েছেন বলে শওকত জানান।
ব্যবসায়ীরা বলছেন, দেশে মোটর পার্টসের অন্যতম বড় মোকাম যশোর। এখানকার দুই শতাধিক আমদানিকারক বেনাপোল বন্দর দিয়ে মোটরসাইকেল ও থ্রি-হুইলারের পার্টস, বাস-ট্রাকের রিকন্ডিশন ইঞ্জিন ও বিভিন্ন ধরনের মোটর পার্টস আমদানি করে থাকেন। সারা দেশে মোটরসাইকেল পার্টসের মোট চাহিদার পুরোটাই যশোর থেকে সরবরাহ করা হয়। রিকন্ডিশন মোটর পার্টসের ক্ষেত্রে চট্টগ্রামের পর যশোরের মোকামই সবচেয়ে বড়। তাই এখানকার ব্যবসায়ীদের বিআইএন ব্লক হওয়া ও আমদানি বন্ধ থাকার প্রভাব পড়বে সারা দেশের মোটর পার্টসের বাজারে।
