২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে শিশু ধর্ষণের আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

কক্সবাজারের চকরিয়ায় ধর্ষণ মামলার এক আসামি র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 08:39 AM

Updated : 19 Aug 2022, 01:50 PM

শনিবার রাত ১টার দিকে চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের উলুবনিয়া এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রুহুল আমিনের ভাষ্য।

নিহত আব্দুর রহিম (২০) উলুবনিয়া এলাকারই বাসিন্দা। পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে চার দিন আগে তার বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা হয়েছিল।

মেজর রুহুল বলেন, উলুবনিয়া এলাকায় রহিমের অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল রাতে ওই অভিযানে যায়।

“সেখানে অবস্থান নিয়ে থাকা সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের দিকে গুলি ছোড়ে। আত্মরক্ষার জন্য র‌্যাব সদস্যরাও তখন পাল্টা গুলি চালান। কিছুক্ষণ গোলাগুলি চলার পর সন্ত্রাসীরা পালিয়ে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ পাওয়া যায়।”

ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও তথ্য দিয়েছেন মেজর রুহুল।

তিনি বলেন, গত ২৬ মার্চ উলুবনিয়া এলাকার এক বাড়িতে পাঁচ বছরের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়। ওই সময় তার বাবা-মা বাড়ি ছিলেন না।

ওই ঘটনায় শিশুটির বাবা গত ২৮ মার্চ তাদের প্রতিবেশী যুবক আব্দুর রহিমের বিরুদ্ধে চকরিয়া থানায় মামলা করেন।

রহিমের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান মেজর রুহুল।