২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে শিশু ধর্ষণের পর হত্যা, একজন আটক

বরিশালে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2018, 07:06 PM

Updated : 19 Aug 2022, 01:45 PM

মহানগর পুলিশের কমিশনার এসএম রুহুল আমীন জানান, নিহত সীমা আক্তার নগরীর পূর্ব গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

সীমা রোববার স্কুল থেকে বের হয়ে নিখোঁজ হয় জানিয়ে তিনি বলেন, ঘটনার দুই দিন পর গণপাড়া হালিম মাস্টারের পারিবারিক কবরস্থান থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

“তার গায়ে শুধু স্কুল ড্রেসের কামিজ ছিল। গলায় ছিল তোয়ালে পেঁচানো।”

এর আগের দিন স্কুলসংলগ্ন আবুল কালাম আজাদ ওরফে কালুর বাড়ির টয়লেট থেকে সীমার জুতা উদ্ধার হয় বলে জানান পুলিশ কর্মকর্তা রুহুল আমীন।

তিনি বলেন, লাশ উদ্ধারের পর মুখার্জিবাড়ির পুল এলাকা থেকে কালুকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশ।

“কালু ধর্ষণ শেষে হত্যার কথা স্বীকার করেছেন। সীমা তাদের টয়লেটে গেলে তাকে মুখ চেপে ঘরে নিয়ে যান কালু। মুখ বেঁধে ধর্ষণের পর গলা টিপে ও গলায় তোয়ালে পেঁচিয়ে হত্যা করেন। এ সময় কালুর স্ত্রী বা অন্য কেউ বাড়ি ছিলেন না। পরে রাতের অন্ধকারে লাশ বস্তাবন্দি করে কবরস্থানে ফেলে দেন কালু।”

সীমার মা মাহামুদা বেগম বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এদিকে বুধবার বেলা ১২টার দিকে এ ঘটনার প্রতিবাদে ও বিচার দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ হয়েছে মহানগরীর কাশিপুর এলাকায়।