প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া আসছেন শনিবার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়া আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ দিন সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন এবং ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করে দিনের কর্মসূচি শুরু করবেন বলে গোপালগঞ্জের জেলা প্রশাসক কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব কাজী নিশাত রসূল স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে।
এ সময় তিন বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করবে এবং বাজানো হবে বিউগল।
পরে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সমাধি কমপ্লেক্সের পাবলিক প্লাজায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং গোপালগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত শিশু সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা দেবেন বঙ্গবন্ধু কন্যা। আলোচনাসভা শেষে শিশু কিশোরদের পরিবেশিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন তিনি।
এরপর সেখানে জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত বই মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়া শেখ রাসেল স্মারক ডাক টিকেট অবমুক্ত ও আমাদের ছোট রাসেল সোনা গ্রন্থের মোড়ক উম্মোচন করবেন তিনি।
জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের কর্মসূচির সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে।
১৯২০ সালের ১৭ মার্চ টুঙ্গিপাড়া গ্রামের জম্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
