নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্পাদক রিমান্ডে
নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের দুটি মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিজানুর রহমান এ আদেশ দেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মোহাম্মদ আলী বিশ্বাস জানান, দুপুরে তাকে আদালতে হাজির করে ফতুল্লা মডেল থানার দুটি মামলায় ১৪ দিন হেফাজতের (রিমান্ড) আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে আদালত চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার আড়াইহাজার থানায় পুলিশের দায়ের করা নাশকতার মামলায় মামুন মাহমুদকে তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
গত ১০ ফেব্রুয়ারি সোনারগাঁ ফজলুল হক ওমেনস কলেজের সামনে থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে গ্রেপ্তার করে। ওই ঘটনায় বিএনপির নিবার্হী সদস্য মো. রেজাউল করিম ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহ আলম মুকুলসহ ৫৮ জনের নাম উল্লেখ করে সোসনারগাঁ থানার এসআই আবুল হোসেন বাদী হয়ে নাশকতা ও বিস্ফোরকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।
পরবর্তীতে আড়াইহাজার, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও ফতুল্লা মডেল থানার দুটি মামলাসহ মোট পাঁচটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গত ২৮ ফেব্রুয়ারি উচ্চ আদালতের নির্দেশে জামিনে কারামুক্ত হলে পুলিশ তাকে পুনরায় গ্রেপ্তার করে।
