২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু ও যুবকের লাশ উদ্ধার

গাজীপুরে এক শিশুসহ অজ্ঞাত পরিচয় দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 03:11 PM

Updated : 19 Aug 2022, 01:44 PM

সোমবার দুপুরে কালিয়াকৈর উপজেলা থেকে এক যুবকের এবং সকালে শ্রীপুর উপজেলা থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, নিহতের একজনের বয়স ৩৮ ও অপর একজনের বয়স সাত বছর। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।

শ্রীপুর থানার এসআই মো.মনিরুজ্জামান মিয়া বলেন, উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়াসাঙ্গুইন গ্রামের ত্রিমোহনী নদীর পাড়ে এক শিশুর গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।   

মনিরুজ্জামান বলেন, ছেলেটির পড়নে কোনো পোশাক ছিলনা। তার বয়স আনুমানিক সাত বছর। দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে গেছে বলে তারা ধারণা করছেন।

ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়াকৈর থানার এসআই সোহেল রানা বলেন, উপজেলার পূর্ব কালামপুর এলাকায় একটি বাগান থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেন তারা।    

“আনুমানিক ৩৮ বছর বয়সী ওই যুবকের লাশ রশি দিয়ে গলায় পেঁচানো অবস্থায় গাছে ঝুলছিল এবং মুখ গামছা দিয়ে বাধা ছিল। পরনে লুঙ্গি ও চেক শার্ট রয়েছে।”

দুর্বৃত্তরা রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

লাশ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।