২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে কথিত বন্দুকযুদ্ধে তিন ‘ডাকাত’ নিহত

নারায়ণগঞ্জ সদর উপজেলা ও সোনারগাঁয়ে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ সন্দেহভাজন তিন ডাকাত নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2018, 09:29 AM

Updated : 19 Aug 2022, 01:44 PM

সোমবার ভোরে নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক এলাকায় ও সোনারগাঁয়ের জামপুর মিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।

নিহতরা হলেন নৌ-ডাকাত দল জিল্লুর বাহিনীর প্রধান জিল্লুর, তার এক সহযোগী এবং আন্তঃজেলা ডাকাত দলের সরদার মুন্সীগঞ্জের গজারিয়ার লঘুরচর এলাকার আশেক আলী বেপারির ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)।

তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আলেপ উদ্দিন জানান, সোমবার ভোরে সদর উপজেলার আলীরটেক এলাকায় ধলেশ্বরী নদীতে জিল্লুর বাহিনী একটি জাহাজে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি করে।

“এক পর্যায়ে ‘ডাকাত সরদার’ জিল্লুরসহ দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। বাকিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধদের উদ্ধার করে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে দায়িত্বে থাকা চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।”

গোলাগুলির ঘটনায় র‌্যাব-১১ এর ডিএডি ইন্সপেক্টর জহিরুল ইসলাম এবং সৈনিক জামাল আহত হয়েছেন বলে র‌্যাব কর্মকর্তা আলেপ জানান।

ঘটনাস্থল থেকে গুলিসহ একটি বিদেশি পিস্তল ও বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে র‌্যাব।

নারায়ণগঞ্জে সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) সাজিদুর রহমান সাজিদ জানান, ভোরে মিরেরবাগ এলাকায় সড়কে ৮/১০ জন ডাকাতির প্রস্ততি নিচ্ছে এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

সময় ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে ইউসুফ মিয়া ও লুৎফর রহমান নামে দুই কনস্টেবল আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাত সরদার জাহাঙ্গীর আলমের মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।

এছাড়া ঘটনাস্থল থেকে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

এরা হলেন-স্বপন (৩৪), মাসুম (৪৩), নাজমুল (২২), আলমগীর (২৪) ও রুবেল (২৫)।