গাইবান্ধায় দুই দুর্ঘটনায় নিহত ১১
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দুটি পৃথক দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও অন্তত ১৯ জন।
শনিবার উপজেলার নুনিয়াগাড়ী ও জুনদহ এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আবুল বাশার জানান, সকাল ১০টার দিকে রংপুর থেকে বগুড়াগামী একটি বাস সরকার পাম্পের সামনে এলে সামনের চাকা পাংচার হয়ে যায়। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি যাত্রীবাহী ট্রলিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে তিনজন এবং হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয় বলে তিনি জানান।
নিহতরা হলেন - নির্মাণশ্রমিক জাকির হোসেন (২৫), খসরু মিয়া (৫৫), রাজু মিয়া (২৮) ও আবু বক্কর (৪০)।
এ দুর্ঘটনায় আরও ১২ জন আহত হন। তাদের মধ্যে চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে, অন্যদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে জুনদহ এলাকায় বেলা সাড়ে ১১টার দিকে আরেক দুর্ঘটনায় আরও সাতজন মারা যান।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আবুল বাশার ও পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজার রহমান জানান, ঢাকা থেকে একটি ট্রাক রড নিয়ে রংপুর যাচ্ছিল।
“জুনদহ এলাকায় একটি বাইসাইকেলকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশে খাদে পড়ে গেলে এক নারীসহ ট্রাকের সাত যাত্রী ঘটনাস্থলেই মারা যান।”
নিহতরা হলেন - নীলফামারী সদর উপজেলার অঙ্গারপাড়া গ্রামের জালাল উদ্দিনের স্ত্রী রেজিয়া খাতুন (৭০), একই গ্রামের হুদা মাহমুদের ছেলে মোতাহার হোসেন (৪৫), তার স্ত্রী মারুফা বেগম (৩৫), একই জেলার ডোমার উপজেলার জমির উদ্দিনের ছেলে মফিজুল ইসলাম (৫৫), একই উপজেলার শেউটগাড়ী গ্রামের আব্দুর রউফের ছেলে আব্দুর ছাত্তার (৩৪), একই জেলার কিশোরগঞ্জ উপজেলার উত্তর শিংগরগাড়ী গ্রামের সোনা মিয়ার ছেলে ফরহাদ হোসেন (২০) ও পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার সোনারহার সরকারপাড়ার আজিজ উদ্দিনের ছেলে রশিদুল ইসলাম (৩৫)।
তারা সবাই নিম্ন আয়ের লোক বলে পুলিশ জানিয়েছে। ভাড়া কম হওয়ায় ট্রাকে করে ঢাকা থেকে নীলফামারী যাচ্ছিলেন বলে পুলিশের ধারণা।
