গাইবান্ধায় বাসের ধাক্কায় ৩ শ্রমিক নিহত
ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় যাত্রীবাহী ট্রলির তিন শ্রমিক নিহত হয়েছেন; আহত হয়েছেন উভয় পরিবহনের অন্তত ১২ যাত্রী।
শনিবার নুনিয়াগাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন নির্মাণ শ্রমিক জাকির হোসেন (২৫), খসরু মিয়া (৫৫) ও রাজু মিয়া (২৮)। এরা সবাই গোবিন্দগঞ্জ উপজেলার রুদ্রনগর গ্রামের বাসিন্দা।
আহতদের মধ্যে চারজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এবং বাকিদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পরিদর্শক আবুল বাশার জানান, সকাল ১০টার দিকে রংপুর থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস সরকার পাম্পের সামনে এলে সামনের চাকা পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী যাত্রীবাহী ট্রলিটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন বলে জানান তিনি।
