২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন ও সালিশ কেন্দ্র হেফাজত থেকে নারী অপহরণ

আইন ও সালিশ কেন্দ্রের হেফাজতে মাগুরা থেকে ঢাকা যাওয়ার পথে এক নারীকে বাস থেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে একদল যুবক।   

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2018, 10:08 PM

Updated : 08 Apr 2022, 06:01 PM

এ সময় হামলাকারীদের মারপিটে গুরুতর আহত হয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) এক নারী কর্মী।

বুধবার মাগুরা সদর উপজেলা লক্ষ্মীকন্দর গ্রামে  ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

আহত আইন ও সালিশ কেন্দ্রের মাঠকর্মী শামছুন্নাহারকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শামছুন্নাহার সাংবাদিকদের বলেন, মাগুরা শহরের পূর্ব পাড়ার বাসিন্দা রকিবুল ইসলাম রিপুর সপ্তম স্ত্রী তার মারপিট ও নির্যাতন সহ্য করতে না পেরে এ বছরের শুরুর দিকে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান।

তিনি জানান, গত ৪ মার্চ তিনি ঢাকার লালমাটিয়ায় আসকের শেল্টার হোমে আশ্রয় নেন। ইতোমধ্যে তার স্বামী রকিবুল মাগুরা সদর থানায় তার (স্ত্রী) বিরুদ্ধে চুরি ও ব্যাভিচারের মামলা করেন।

এই মামলার আসামি হিসেবে মাগুরা সদর থানা পুলিশ মঙ্গলবার (৬ মার্চ) তার স্ত্রীকে আসকের শেল্টার হোম থেকে মাগুরা নিয়ে আসে। আসকের প্রতিনিধি ও জিম্মাদার হিসেবে তিনিও ওই নারীর সঙ্গে মাগুরা আসেন বলে শামসুন্নাহার জানান।

তিনি আরও জানান, বুধবার দুপুরে ওই নারীকে আদালতে হাজির করা হয়। শামসুন্নাহার আইনজীবীর মাধ্যমে তার জামিন আবেদন করলে আদালত জামিন মঞ্জুর করে। পরে তার ইচ্ছানুযায়ী আদালত তাকে আসকের জিম্মায় দেয়।

শামসুন্নাহার জানান, জামিন লাভের পর পুলিশ হেফাজতে তারা বিকাল সাড়ে ৪টায় মাগুরা বাস টার্মিনাল থেকে ঈগল পরিবহনের একটি বাসে ওঠেন।

বাসটি মাগুরা সদরের লক্ষ্মীকন্দর পৌঁছলে একটি মাইক্রোবাস সামনে দিয়ে বাসটিকে থামানো হয়। পরে রিপুর নেতৃত্বে ৪-৫ জন অস্ত্রধারী বাসে উঠে তাকে ও ওই নারীকে মারপিট করে টেনে-হিঁচড়ে নামিয়ে নেয় বলে শামসুন্নাহার জানান।

“তারা আমাকে পিটিয়ে রাস্তার ধারে ফেলে রেখে ওই নারীকে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।”

সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহবুব আল হাসান বলেন, “আসকের প্রতিনিধিসহ অপহৃত নারীকে তাদের চাহিদানুযায়ী পর্যাপ্ত পুলিশী নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়েছিল। তবে পথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।”

এজন্য দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ অপহৃত নারীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের চেষ্টা করছে বলে পরিদর্শক মাহবুব জানান।