২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুটি দুর্ঘটনায় নিহত ৩

ময়মনসিংহে পৃথক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী ও এক নারীর প্রাণ গেছে; আহত হয়েছে আরও পাঁচজন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2018, 02:57 PM

Updated : 19 Aug 2022, 01:42 PM

মঙ্গলবার বেলা ১টার দিকে ত্রিশাল ও সকাল ১০টায় নান্দাইল উপজেলায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

নিহতরা হলেন ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোড়া গ্রামের নার্গিস আক্তার (৩৫) ও নান্দাইল উপজেলার ভাটিসাভার গ্রামের স্কুলছাত্রী সোনিয়া আক্তার (১৪) ও কুলসুম (১৪) ।

আহত নার্গিসের স্বামী মোয়াজ্জেম হোসেন (৪৫) এবং তাদের দুই শিশু সন্তান জুঁই (৮) ও নাবিদুল (৬) ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং ভাটিসাভার গ্রামের স্কুলছাত্রী শিল্পীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি জাকিউর রহমান বলেন, মোয়াজ্জেম স্ত্রী ও দুই শিশু সন্তানকে নিয়ে একটি পিকআপভ্যানে করে গাজীপুরের কোনাবাড়ি যাচ্ছিলেন। পথে ত্রিশালের সাইনবোর্ড এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে একটি ডিভাইডারে ধাক্কা খেয়ে পিকআপটি উল্টে যায়।

এতে ঘটনাস্থলেই নার্গিসের মৃত্যু হয় বলে জানান ওসি।

নান্দাইল থানার ওসি ইউনুস আলী জানান, উপজেলার জালুয়া এলাকার ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কে ট্রাকচাপায় অটোরিকশা আরোহী স্কুলছাত্রী সোনিয়া ও কুলসুমের মৃত্যু হয়।

তিনি বলেন, নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী সোনিয়া, কুলসুম ও শিল্পী একটি অটোরিকশায় করে স্কুলে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সোনিয়ার মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কুলসুম।