ব্রাহ্মণবাড়িয়ায় ‘বন্দুকযুদ্ধে’ হত্যা মামলার আসামি নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রেপ্তারের পর পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে হত্যাসহ নয়টি মামলার এক আসামি নিহত হয়েছেন।
নবীনগর থানার ওসি মো. আসলাম শিকদার জানান, রোববার রাত ৩টার দিকে উপজেলার ভাঙা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জাবেদ মিয়া (৪০) কাইতলা পূর্বপাড়ার মৃত ইদন মিয়ার ছেলে। তার বিরুদ্বে নবীনগর থানায় ডাকাতি ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে নয়টি মামলা রয়েছে।
ওসি আসলাম বলেন, গোপন সংবাদে রোববার রাত ৮টার দিকে জাবেদ মিয়াকে কাইতলা হাসানশাহ মাজারের পুকুর পাড় থেকে গ্রেপ্তার করা হয়।
“রাতে জাবেদকে নিয়ে ভাঙা ব্রিজ এলাকায় অস্ত্র উদ্বারে গেলে তার সহযোগীরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
গুলি বিনিময়ের সময় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন, যাদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
