জাফর ইকবালের ওপর হামলা তদন্তে শাবির কমিটি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
রোববার সন্ধ্যায় এ কমিটি গঠন করা হয় বলে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানান।
সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুল গণিকে প্রধান করে গঠিত এ কমিটির অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক সাইফুল ইসলাম ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শহিদুর রহমান।
উপাচার্য বলেন, “জাফর ইকবালের ওপর হামলা নিন্দনীয় ও অনাকাঙ্ক্ষিত। আমরা ক্যাম্পাসে সবার নিরাপত্তা নিশ্চিতের জন্য কাজ করছি।”
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে এক তরুণ ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায়। হামলার পরপরই ফয়জুল নামে ওই তরুণকে ধরে ফেলে শিক্ষক ও শিক্ষার্থীরা। এ ঘটনায় ফয়জুলের মামা ও চাচাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় শনিবার রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেন। রোববার তা সন্ত্রাস দমন আইনের মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
