২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের বিক্ষোভ

একটি আবাসিক হল প্রভোস্টের পদত্যাগসহ কয়েকটি দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে বিক্ষোভ করেছেন ছাত্রীরা।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 08:44 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

বুধবর বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের ছাত্রীরা এই কর্মসূচি পালন করেন।

আন্দোলনরত ছাত্রীদের কয়েকজন নাম প্রকাশ না করে বলেন, সিট ভাড়া কমানো, রিডিং ও গেস্ট রুমের ব্যবস্থা করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং ডাইনিংয়ে খাবারের মান উন্নত করার দাবিতে তারা এই কর্মসূচি পালন করেন।

তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি করেও কোনো সমাধান পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের দাবিগুলোকে কোনো গুরুত্ব দেয়নি।

তারা শেখ হাসিনা হলের প্রভোস্টের পদত্যগও দাবি করেন।

বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের প্রভোস্ট মীর খালিদ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়, নতুন বিশ্ববিদ্যালয় হওয়ায় কিছুটা সীমাবদ্ধতা রয়েছে।

তবে সেগুলো খুব দ্রুত সমাধান করা হবে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দুই মাস ধরে এখানে ভাইস চ্যান্সেলর স্যার না থাকায় একটি মহলের উসকানিতে এই আন্দোলন হয়েছে বলে আমরা বিশ্বাস করি।”

তবে ছাত্রীরা কয়েকটি যৌক্তিক দাবি তুলেছে উল্লেখ করে তিনি বলেন, “তাদের নিরাপত্তাজনিত এবং খাবারের মান উন্নতির বিষয়ে আমাদের কথা হয়েছে। আমরা তাদের আশ্বাস দিয়েছি, অবিলম্বে তা বাস্তবায়ন করা হবে।”

আশ্বাসের প্রেক্ষিতে তারা সন্ধ্যা পৌনে ৭টার দিকে হলে ফিরে যান বলে জানান প্রক্টর।