গোপালগঞ্জে ‘নির্যাতন সইতে না পেরে স্ত্রীর আত্মহত্যা’
গোপালগঞ্জে স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন বলে পরিবার অভিযোগ করেছে।
নিহত মুনিয়া খানম (২৩) সদর উপজেলার বলাকইড় গ্রামের পুলিশ সদস্য গোলাম মোস্তফা শেখ দুদু মিয়ার মেয়ে।
মোস্তফার অভিযোগ, বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন তার মেয়ের ওপর নির্যাতন করে অসছিল।
“মুনিয়ার স্বামী কামাল সিঙ্গাপুর থেকে ফিরে এসে বাড়িতে ডেইরি ফার্ম গড়ে তোলেন। মুনিয়াকে দিয়ে সেখানে শ্রমিকের কাজ করানো হত। ঠিকমত কাজ করতে না পারলে তার উপর নির্যাতনের খড়গ নেমে আসত। রোবাবরও তাকে মারধর করা হয়। নির্যাতন সহ্য করতে না পেরে অতিষ্ঠ হয়ে মুনিয়া বিষ খায়।”
তাকে গোপালগঞ্জ সদর হাসপতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোস্তফা এ ঘটনায় থানায় মামলা করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে মুনিয়ার স্বামী কাশিয়ানী উপজেলার বাট্টইধোয়া গ্রামের কামাল হোসেন দাবি করেন, “তাকে নির্যাতন করা হয়নি। ঝগড়া-ঝাঁটির একপর্যায়ে মুনিয়া অভিমান করে ঘরে গিয়ে বিষপানে আত্মহত্যা করে।”
এই দম্পতির পাঁচ ও সাত বছরের দুটি মেয়ে রয়েছে।
কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান বলেন, অভিযোগ পেলেই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
