২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে পরিবহন ধর্মঘট

বাস চালককে হত্যার প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলে ধর্মঘট ডেকেছে জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতি।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 01:05 PM

Updated : 11 Oct 2022, 12:09 PM

সোমবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়।

টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুর রহমান তাবিব বলেন, “গত ১২ ফেব্রুয়ারি রাতে ধলেশ্বরী পরিবহনের চালক শাহজাহান মিয়া ডাকাতদের হামলায় নিহত হয়। এর প্রতিবাদে আমরা জেলা প্রশাসক পুলিশ সুপারকে স্মারকলিপি দিয়েছি। পরে সাতদিনের মধ্যে শাহজাহান হত্যায় জড়িতদের গ্রেপ্তারে আলটিমেটাম দেওয়া হয়।”

পাঁচ দফা দাবি আদায় না হওয়ায় সোমবার দিনভর এ ধর্মঘট চলবে বলে জানান তিনি।

ধর্মঘটের শুরু থেকে দুপুর পর্যন্ত দেখা যায়, টাঙ্গাইল থেকে ময়মনসিংহ, শেরপুর, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলের উপজেলাগুলোতে কোন ধরনের যানবাহন যাত্রা করেনি। তবে ঢাকা থেকে টাঙ্গাইলে ওপর দিয়ে উত্তরবঙ্গগামী বাসগুলো চলাচল করছে।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- জেলার গোড়াই হাইওয়ে পুলিশের ওসি মো. খলিলুর রহমান পাটওয়ারীসহ সকল পুলিশকে প্রত্যাহার, সড়ক ও মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ, পুলিশের চাঁদাবাজি বন্ধ এবং রাস্তায় গাড়ি চুরি ও যাত্রীদের নিরাপত্তা।

এ ধর্মঘটের যৌক্তিকতা নেই দাবি করে জেলার অতিরিক্ত পুলিশ মোহাম্মদ আসলাম খান বলেন, “চালক শাহজাহান হত্যায় ইতিমধ্যে সাভার থেকে ১২ জনকে আটক করা হয়েছে। এ অবস্থায় ধর্মঘটে যাওযার কি দরকার ছিল।”