ঠাকুরগাঁওয়ে মাদ্রাসা ছাত্র খুন: মামলা দায়ের
ঠাকুরগাঁও শহরে মাদ্রাসা ছাত্রের দগ্ধ লাশ উদ্ধার ঘটনায় মামলা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি আব্দুল লতিফ মিঞা বলেন, শনিবার রাতেই ওই ছাত্রের বাবা বাদী হয়ে হত্যা ও হত্যার পর আলামত গোপন করার অভিযোগে একটি মামলা করেছেন।
তবে মামলায় কোনো আসামির না দেওয়া হয়নি বলে জানান ওসি।
শহরের নিশ্চিতপুর এলাকার ‘দারুল উলুম ফয়েজ আম ক্বাওমী মাদ্রাসার’ শৌচাগার থেকে শনিবার সকালে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র আবু বক্করের (১৪) দগ্ধ লাশ পাওয়া যায়।
মামলার বরাত দিয়ে ওসি আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকাল ১০টার দিকে আবু বক্কর বাড়িতে যান। জুম্মার নামাজের সময় এলাকার একটি মসজিদে ইমামতিও করেন। এরপর বিকাল ৫টার দিকে আবু বক্কর বাড়ি থেকে মাদ্রাসায় ফিরে যান।
শনিবার সকাল ৯টার দিকে মাদ্রাসার শৌচাগার থেকে আবু বক্ককের দগ্ধ লাশ উদ্ধার করে পুলিশ।
আবু বক্কর সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের বাহাদুরপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
মামলায় বলা হয়, আবু বক্কর প্রায় সময় বাড়ি এসে পরিবারের সদস্যদের বলতেন- মাদ্রাসার পরিবেশ ভালো না ও শিক্ষকরা তার সাথে ভালো ব্যবহার করেন না।
মাদ্রাসার শিক্ষক-ছাত্র অথবা অন্য কেউ আবু বক্করকে হত্যা করার পর আলামত নষ্ট করতে শৌচাগারে ফেলে তার শরীরে আগুন ধরিয়ে দেয় বলে মামলায় অভিযোগ করা হয়।
ওসি আব্দুল লতিফ বলেন, মাদ্রাসার সুপার ইয়াসিন আলীসহ ১০ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ মামলায় তাদের সম্পৃক্তরা পাওয়া গেলে তাদেরকে আসামি করা হবে।
