ট্রাকের সঙ্গে সংঘর্ষে গাড়ি দুমড়ে-মুচড়ে আহত ৩
কক্সবাজারে চকরিয়ায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের মাজার গেইট এলাকার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা বলে চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন জানান।
আহতরা হলেন বেসরকারি টেলিভিশন যমুনার চট্টগ্রাম ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার হোসেন জিয়াদ, ক্যামেরাপার্সন নাছির-উল আলম ও গাড়ি চালক মিন্টু দাস। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বখতিয়ার বলেন, যমুনা টেলিভিশনের গাড়িটি চকরিয়া থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। আহত হয় তিনজন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রামে পাঠানো হয় বলে জানান তিনি।
যমুনা টেলিভিশনের কক্সবাজারের স্টাফ রিপোর্টার ইমরুল কায়েস বলেন, রোহিঙ্গাদের সংবাদ সংগ্রহ করতে চট্টগ্রাম ব্যুরো অফিস থেকে তাদের তিন সহকর্মী উখিয়ার কুতুপালং যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনা ঘটে।
