২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে বাড়ছে চালের দাম

ফের চালের বাজার ঊর্ধ্বমুখী হয়েছে ধানের জেলা দিনাজপুরে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2018, 07:43 PM

Updated : 19 Aug 2022, 01:38 PM

এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম বস্তা প্রতি (৫০ কেজি) বেড়েছে ১০০ টাকা এবং কেজি প্রতি বেড়েছে ৩-৪ টাকা।

এই মূল্য বৃদ্ধির জন্য ধানের দাম বৃদ্ধিসহ চলের আমদানি মূল্য বৃদ্ধিকে দায়ী করছেন চালকল মালিকরা।

অগাস্ট-সেপ্টেম্বরে বন্যা পরবর্তীতে দিনাজপুরসহ সারা দেশের চালের বাজার চড়া হয়। মাঝখানে কিছুটা কমলেও ফের বাড়ছে চালের দাম।

শহরের চকবাজারের চাল বিক্রেতা সুরেশ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাজারে সব থেকে চাহিদা সম্পন্ন বিআর আটাশ চালের কেজি এখন ৫০/৫২ টাকা। ১০/১২ দিন আগে এই চাল বিক্রি হয়েছে ৪৭ টাকায়। আর ৫৫ টাকা কেজির মিনিকেট বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

ভারত থেকে আমদানি করা চালের দামও বেড়েছে কেজিতে ২টাকা। ৪২ টাকার স্বর্ণা ৪৪ টাকা, ৩৮ টাকার গুটি স্বর্ণা ৪০ টাকায় বিক্রি হচ্ছে বলে এ চাল বিক্রেতা জানান।

দিনাজপুর চালকল মালিক গ্রুপ সভাপতি মোসাদ্দেক হোসেন এই মূল্য বৃদ্ধিকে স্বাভাবিক উল্লেখ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমন মৌসুমের শেষ সময় ধানের দাম বেশি হওয়ায় চালের দাম সামান্য বেড়েছে।

এছাড়া এলসির মাধ্যমে আমদানি করা চালের দাম বৃদ্ধিতে অভ্যন্তরীণ চালের বাজারে কিছুটা প্রভাব পড়েছে বলে মোসাদ্দেক হোসেন জানান।

হিলি স্থল বন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর-রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারত হঠাৎ করেই চাল রপ্তানিতে এলসির বিপরীতে ডলারের মূল্য বাড়িয়ে দিয়েছে।

দশ দিন আগে ব্যবসায়ীরা যে চাল ৪২০ ডলারে আমদারি করেছে, সেই চালের জন্য এখন ৪৪০ থেকে ৪৪৫ ডলার দিতে হচ্ছে বলে জানান তিনি।