শ্রীমঙ্গলে বাস-ট্রাক সংঘর্ষে এক চালক নিহত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাসের সঙ্গে সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন।
রোববার উপজেলার ঢাকা-মৌলভীবাজার সড়কের উত্তরশুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান।
আহতদের মধ্যে ১০ জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে । আর চারজনকে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা মহসীন আহমদ জানান।
ওসি নজরুল বলেন, বেলা ৪টার দিকে উত্তরশুর এলাকায় পর্যটকবাহী প্রেসিডেন্ট ট্রাভেলের একটি বাসের সঙ্গে ইট বোঝাই ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই ট্রাক চালক বাদশা মিয়া (৪০) নিহত হন।
এ দুর্ঘটনার পর ঢাকা-মৌলভীবাজার সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
