বেনাপোলে ২০টি স্বর্ণের বার উদ্ধার
যশোরের বেনাপোল সীমান্তে ‘পাচারকারীদের’ ফেলে যাওয়া একটি প্যাকেট থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধারের কথা জানিয়েছে বিজিবি।
শুক্রবার দুপুরে বেনাপোলের ধান্যখোলা সীমান্তের বাহাদুরপুর মাঠ থেকে সোনার বারগুলো তারা উদ্ধার করেন বলে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান।
এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
বিজিবি কর্মকর্তা আরিফুল বলেন, ভারতে সোনা পাচারের খবরে বিজিবির টহলদল ঘটনাস্থলে অবস্থান নেয়।এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে একজন পাচারকারী একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়।
“পরে ওই প্যাকেটের ভেতরে লুঙ্গিতে মোড়ানো অবস্থায় ৮৭৫ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার পাওয়া যায়।”
আরিফুল বলেন, উদ্ধার করা স্বর্ণগুলোর আনুমানিক বাজার মূল্য তেত্রিশ লাখ পঁচাত্তর হাজার টাকা। সেগুলো বেনাপোল পোর্ট থানায় জমা দেওয়া হয়েছে।
