কেরানীগঞ্জে ট্রান্সফরমার বিস্ফোরণ, যুবকের মৃত্যু
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি কুরিয়ার সার্ভিসের অফিসের ভেতরে থাকা ট্রান্সফরমার বিস্ফোরণের পর আগুন লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মহিদুল এ কথা জানান।
নিহত বাবু (২২) জননী কুরিয়ার সার্ভিসের শ্রমিক ও বাগেরহাটের মোড়েগঞ্জের বাসিন্দা। তার লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
দগ্ধরা হলেন-কুরিয়ার সার্ভিসের সহকারী জেনারেল ম্যানেজার পিরোজপুরের কাওখালির মো. মোস্তাফিজুর রহমান (৪০) ও সুপারভাইজার বাগেরহাটের চিতলমারির মো. রফিকুল ইসলাম (২৬)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষের বরাদ দিয়ে এসআই মহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মালামাল লোডিংয়ের কাজ চলছিল। এসময় অফিসের ভেতর থাকা বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আগুন লেগে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, মোস্তাফিজের শরীরের ২ ভাগ ও রফিকুলের ১৭ ভাগ পুড়ে গেছে।
