২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যা থেকে মাথা ও হাত-পা বিহীন গলিত লাশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে মাথা ও হাত-পা বিহীন গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ, যা ছয়মাস আগে নিখোঁজ হওয়া এমরানের বলে দাবি করছে তার পরিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2018, 09:19 PM

Updated : 19 Aug 2022, 01:36 PM

বুধবার উপজেলার সদর ইউনিয়নের হারিন্দা এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে রূপগঞ্জ থানার ওসি ইসমাঈল হোসেন জানান।

গত ২০ সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলার হারিন্দা এলাকার আব্দুল মবিনের ছেলে স্থানীয় আব্দুল হক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল এমরানকে কয়েকজন যুবক বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাকে আর পাওয়া যায়নি।

নিখোঁজের তিনমাস পরে তার মা রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ওসি বলেন, বিকালে হারিন্দা এলাকায় শীতলক্ষ্যা নদীতে স্থানীয় হারুনের ‘মাছের ঘেরে’ গলিত লাশ ভাসতে দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়।

“লাশটি মাছের ঘেরের একটি মধ্যে বাঁশের মধ্যে বিদ্যুতের তার দিয়ে বাধা ছিল। লাশটি মাথা ও হাত-পা বিহীন গলিত হওয়ায় বুঝা যাচ্ছে না পুরুষ না নারীর।”

উদ্ধার হওয়া লাশটি প্রায় ছয়মাস আগে নিখোঁজ হওয়া স্কুল ছাত্র এমরান হোসেনের বলে ধারণা করছে তার মা মফিজা খাতুন ও এলাকাবাসী।

ওসি ইসমাঈল জানান, লাশের ডিএনএ টেস্ট করা হলে প্রকৃত পরিচয় জানা যাবে।