২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুনঃময়নাতদন্তে রমেশ টুডুর লাশ উত্তোলন

গাইবান্ধার সাহেবগঞ্জ ইক্ষু খামারে ১৪ মাস আগে সংঘর্ষে নিহত সাঁওতাল রমেশ টুডুর মরদেহ পুনঃময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2018, 04:59 PM

Updated : 11 Oct 2022, 12:06 PM

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, গোবিন্দগঞ্জ উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের সিন্টাজুড়ি গ্রাম থেকে মঙ্গলবার দুপুরে রমেশের মরদেহ তুলে সুরতহাল রিপোর্ট তৈরি করে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

মরদেহ উত্তোলনের সময় গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. রাফিউল আলম উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, ২০১৬ সালের ৬ নভেম্বর রংপুর চিনিকলের গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ ইক্ষু খামার এলাকায় আখ কাটাকে কেন্দ্র করে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়। এরমধ্যে তীরবিদ্ধ হন নয় পুলিশ সদস্য ও গুলিবিদ্ধ হন চার সাঁওতাল। পরে তারমধ্যে তিন সাঁওতাল মারা যান।

“নিহত শ্যামল হেমভ্রম (৩৫) ও মঙ্গল মাদ্রির (৫০) লাশ ময়নাতদন্ত শেষে সৎকার করা হলেও ময়নাতদন্ত ছাড়াই পুলিশ প্রহরায় রমেশ টুডুর মৃতদেহ আদিবাসী পল্লীর সিন্টাজুড়ি গ্রামে দাফন করা হয়।”

তিনি আরও জানান, এ ঘটনায় স্বপন মুরমু বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। কিন্তু ওই মামলা নিয়ে সাঁওতালদের আপত্তি থাকায় তাদের পক্ষে পরে গত ২৬ নভেম্বর থমাস হেমব্রম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় আরেকটি একটি এজাহার দাখিল করেন। কিন্তু তার এজাহারটি সাধারণ ডাইরি হিসাবে থানায় নথিভুক্ত করেন পুলিশ।

“এরপর থমাস হেমব্রম বাদী হয়ে রমেশ টুডুর মৃত্যুর কারণ জানতে তদন্তের জন্য হাই কোর্টে আবেদন করেন। হাইকোর্ট মামলাটি পিবিআই গাইবান্ধাকে তদন্তের নির্দেশ দেয়।”

আনোয়ার হোসেন জানান, ওই আদেশের প্রেক্ষিতে গাইবান্ধার পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন তার মৃত্যুর কারণ অনুসন্ধানে ময়নাতদন্তের জন্য লাশ উত্তোলন করার জন্য গাইবান্ধার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আবেদন করেন।

ওই সময় রমেশ টুডুর মৃত্যু নিয়ে পরিবার ও পুলিশের দুই রকম বক্তব্য ছিল।

রমেশের পরিবার ও আন্দোলনকারীরা বলছিলেন, ওই বছরের ৬ নভেম্বর পুলিশ ও চিনিকল শ্রমিক-কর্মচারীদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষে রমেশ আহত হন। কিন্তু গ্রেফতারের ভয়ে বাড়িতে গোপনে চিকিৎসাধীন অবস্থায় চারদিন পর ১০ নভেম্বর ভোররাতে তিনি মারা যান।

তবে ওই সময়ের গোবিন্দগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেছিলেন, রমেশ টুডুর স্বাভাবিক মৃত্যু হয়েছে। সংঘর্ষে আহত হয়ে তার মৃত্যু হয়নি।

রংপুর চিনিকল কর্তৃপক্ষ ১৯৬২ সালে আখ চাষের জন্য গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ এলাকায় এক হাজার ৮৪২ একর জমি অধিগ্রহণ করে। কয়েকবছর আগে ওই জমি ইজারা দিলে সেখানে ধান, পাট, তামাকসহ বিভিন্ন ফসলের চাষ করা হয়। এরপর অধিগ্রহনের চুক্তি ভঙ্গের অভিযোগ এনে এসব জমি ফেরতের দাবিতে আন্দোলনে নামে সাঁওতাল সম্প্রদায়ের লোকজন।

আন্দোলনের এক পর্যায়ে বিগত ২০১৬ সালের ১ জুলাই এই খামারের প্রায় ১০০ একর জমিতে ঘর নির্মাণ করে তারা বসবাস শুরু করে এবং সেখানে ধান, পাট ও মাসকালাই চাষ করে। বাকি জমিতে চিনিকল কর্তৃপক্ষ আখ রোপন করে।

এরপর ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ ওই জমিতে আখ কাটতে গেলে পুলিশ ও চিনিকল শ্রমিক কর্মচারিদের সঙ্গে সাঁওতালদের সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনজন সাঁওতাল মারা যান ও উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়।

ওইদিন সন্ধ্যায় ঘরবাড়িতে অগ্নিসংযোগ করে সাঁওতালদের উচ্ছেদ করে পুলিশ। এ নিয়ে থানায় উভয় পক্ষ একাধিক মামলা দায়ের করে। পরবর্তী বিচার বিভাগীয় তদন্তে পুলিশ কর্তৃক আদিবাসীদের ঘরবাড়িতে অগ্নিসংযোগের বিষয়টি প্রমাণিত হলে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়।