খালেদার রায়: সংঘর্ষে বিএনপি নেতা-কর্মীরা
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছর কারাদণ্ড দেয়। এছাড়া তার জ্যেষ্ঠ ছেলে তারেক রহমানসহ আরও পাঁচ আসামির ১০ বছরের কারাদণ্ড হয়।
একইসঙ্গে তাদের প্রত্যেককে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার টাকা করে জরিমানা করা হয়।
রায় ঘোষণার পরপরই সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষ হয়। জেলা প্রতিনিধিদের পাঠানো খবর।
হবিগঞ্জ
জেলা শহরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় ব্যাপক সংঘর্ষ হয়েছে।
জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হায়াতুন্নবী বলেন, হবিগঞ্জ শহরে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষিপ্তভাবে বিশৃংঙ্খলা করার চেষ্টা করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ সর্তক থাকায় বড় ধরনের কোনো নাশতকতার ঘটনা ঘটেনি।
“যেকোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে বিজিবি, র্যাব-পুলিশসহ বিপুলসংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।”
মৌলভীবাজার
বিকালে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল হয়। মিছিলটি শমসেরনগর রোড বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিক্ষোভকারীরা কয়েকটি গাড়ি ভাংচুর করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় তিনজনকে আটক করা হয়।
চাঁদপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ ও ঝটিকা মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠন। জেলা শহরের নতুনবাজার ও হাইমচর উপজেলার আলগী বাজার ও হাজীগঞ্জে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা-ধাওয়া হয়েছে।
জেলার পুলিশ সুপার শামসুন্নাহার বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জামালপুর
জামালপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি স্টেশন রোড থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে। তবে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে পুলিশ ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
এদিকে শহরের রশিদপুরে বিএনপির নেতা-কর্মীরা একটি ট্রাক ও পাঁচটি অটোরিকশা ভাংচুর করেছে।
জয়পুরহাট
বেলা আড়াইটায় জয়পুরহাট শহরে বিএনপি প্রতিবাদ মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে দলের নেতা-কর্মীদের ধস্তা-ধস্তির এক পর্যায়ে পুলিশের ধাওযা খেয়ে পিছু হটে।
জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গোলাম মোস্তফা অভিযো করেন, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে তাদের চার কর্মী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খুলনা
বেলা সাড়ে ১২টার দিকে কেডি ঘোষ রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে গোয়েন্দা পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে বলে মহানগর গোয়েন্দা শাখার ওসি মোস্তাক আহমেদ জানিয়েছেন।
তিনি বলেন, পুলিশের কাজে বাধা দেওয়ায় বিএনপির পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
লালমনিরহাট
জেলা বিএনপি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে শহরে। জেলা বিএনপির কার্যালয় চত্বরে প্রতিবাদ সভা হয়েছে।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের মিশন মোড়ের দিকে যেতে চাইলে মাঝপথে পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় আতঙ্কে শহরের সব দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা।
পরে মিছিলটি পথ পরিবর্তন করে অন্য পথে শহরে প্রবেশ করে মিশনমোড়ে গিয়ে শেষ হয়।
নীলফামারী
রায় ঘোষাণার পরপরই শহরের ঝটিকা মিছিল বের করে বিএনপির নেতাকর্মীরা।
বিকাল ৩টার দিকে শহরের মরাল সংঘ মোড় থেকে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাহেদুল ইসলাম দোলনের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা একটি মিছিল বের করে কালিবাড়ি মোড়ের দিকে যায়। এ সময় পুলিশের গাড়ি দেখেই মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। বিএনপির নেতাকর্মীরা আশপাশের বাড়িতে আশ্রয় নেয়।
পঞ্চগড়
কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য নুরুজ্জামান বাবু অভিযোগ করেছেন, রায়ের প্রতিবাদে তাৎক্ষণিকভাবে তেঁতুলিয়া রোডে মিছিল বের করলে জেলা পরিষদ মার্কেটের সামনে পুলিশ মিছিল আটকে দিয়ে নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করে ও ধাওয়া দেয়।
কিশোরগঞ্জ
জেলা শহরের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। আখড়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশ বাধা দেয়। উভয় পক্ষে সংঘর্ষ শুরু হয়। আধঘণ্টা ধরে সংঘর্ষ চলাকালে বিএনপির কর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে।
এ সময় পুলিশ কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে।
গাইবান্ধা
জেলা শহরে বিএনপি, মহিলা দল ও ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক তিনটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিল তিনটি ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে।
রায় ঘিরে শহরে দিনভর মানুষের মধ্যে আতঙ্ক ছিল। জেলা শহরে লোকজনের উপস্থিতি ছিল কম। অনেক দোকানপাট বন্ধ ছিল। অতিপ্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হয়নি।
নওগাঁ
বিকেল সাড়ে ৩টায় শহরের আলুপট্টি থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। আর গোস্তহাটির মোড় থেকে জেলা বিএনপির সভাপতি নজমুল হক সনির নেতৃত্বে একটি মিছিল নিয়ে কেডির মোড় দলীয় কার্যালয়ের দিকে যায়।
দুটি মিছিলিই শহরের বাটার মোড়ে গেলে পুলিশ বাধা দেয়। মিছিলকারীরা রাস্তায় বসে পড়ে বিক্ষোভ শুরু করে। পরে পুলিশের অতিরিক্ত ফোর্স এসে মিছিলে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
ফেনী
সোনাগাজীতে যুবদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।
সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, যুবদলের মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ও ককটেল ছুড়ে মারা হয়। এতে পুলিশের তিন কনস্টেবল আহত হয়। পরে পুলিশ ৩০ রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
“ঘটনাস্থল থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে।”
এদিকে ফেনী শহরের তাকিয়া রোড এলাকায় স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা জড়ো হলে পুলিশ ছত্রভঙ্গ করে দেয় বলে ফেনী মডেল থানার ওসি রাশেদ খাঁন চৌধুরী জানান।
বগুড়া
বগুড়ায় নবাববাড়ী রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জেলা বিএনপি বিক্ষোভ-সমাবেশ করেছে। জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হলে পুলিশি ধাওয়ায় তা পণ্ড হয়ে যায়।
তবে কুমিল্লা, যশোর, মুন্সীগঞ্জ প্রভৃতি অনেক জায়গায় বিএনপিকে মাঠে দেখা যায়নি।
