২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মেয়েকে এসএসসি পরীক্ষার হলে পৌঁছে দেওয়ার সময় সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যু হয়েছে; তবে পরীক্ষা আটকায়নি।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2018, 11:45 PM

Updated : 08 Apr 2022, 05:52 PM

উপজেলার নেকমরদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. এনামুল হক জানান, বৃহস্পতিবার সকালে আটকোরা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম (৪৭) ছিলেন ওই গ্রামের বাসিন্দা।

চেয়ারম্যান এনামুল বলেন, রহিম তার এসএসসি পরীক্ষার্থী মেয়ে সুমিকে মোটরসাইকেলে করে নেকমরদ আলিমুদ্দিন সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিলেন।

“গরগাঁও জোড়া সেতু এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটা পাওয়ার ট্রিলার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে রহিম মারা যান। মৃত্যুর বিষয়টি স্থানীয়রা সুমিকে বুঝতে না দিয়ে পরীক্ষার কেন্দ্রে পৌঁছে দেয়।”

লাশ চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে রাণীশংকৈল থানার ওসি আব্দুল মান্নান জানিয়েছেন।