টাঙ্গাইলে প্রশ্ন ফাঁসের অভিযোগে ২ কোচিং শিক্ষক আটক
টাঙ্গাইলের ভুঞাপুরে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দুই কোচিং শিক্ষককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন - বাগবাড়ি গ্রামের সেকেন্দার আলীর ছেলে রাসেল পারভেজ ও সোহরাব হোসেনের ছেলে শহিদুল ইসলাম।
ভুঞাপুর থানার এসআই টিটু চৌধুরী বলেন, বৃহস্পতিবার ইসলাম শিক্ষা পরীক্ষার দিন সকাল ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে বাগবাড়ি গ্রাম থেকে তাদের আটক করা হয়।
“পারভেজ তার মোবাইল ফোনে প্রশ্নপত্র ডাউনলোড করেছেন বলে খবর আসে। আটকের পর ভুঞাপুরের সহকারী কমিশনার (ভূমি) শরিফ আহমেদ পরীক্ষা শুরুর পর খ সেটের সঙ্গে তার প্রশ্নপত্র মিলিয়ে দেখেন। হবহু মিল পাওয়া গেছে।”
পরে পারভেজের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ শহিদুলকে আটক করে জানিয়ে তিনি বলেন, “তারা দুইজনই বিভিন্ন কোচিংয়ে খণ্ডকালীন শিক্ষকতা করেন আর প্রাইভেটও পড়ান।”
তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ভুঞাপুর থানার ওসি আব্দুছ ছালাম মিয়া।
এদিকে মির্জাপুরের হলে এক পরীক্ষার্থীকে অনৈতিক সহযোগিতার অপরাধে মাহামুদুল হাসান নামে এক শিক্ষককে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত সাদমীন।
মাহামুদুল উপজেলার উয়ার্শী ইউনিয়নের সিয়াম একাডেমির সহকারী শিক্ষক।
