২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে বাইক ধাক্কা খেয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বিদ্যুতের খুঁটিতে মোটরসাইকেল ধাক্কা খেয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে; এ দুর্ঘটনায় আরো দুই পরীক্ষার্থী আহত হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 07:09 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

নিহত শহীদুল মোল্লা (১৭) স্থানীয় হাসামদিয়া শাহ জাফর টেকনিক্যাল অ্যান্ড বি এম ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিল।

ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. লিয়াকত হোসেন বলেন, বোয়ালমারি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল তিনজন। মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়কে করিম স-মিলের সামনে বাসকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। এতে তিনজনই আহত হয়। “এলাকাবাসী তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মারনুশ শহিদুলকে মৃত ঘোষণা করেন।”

আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।

শহিদুল উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামের কৃষক নজরুল মোল্লার ছেলে বলে জানিয়েছেন বোয়ালমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন ওরফে মুছা মিয়া।

তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা পলিসহ তিনি শহীদুলের বাড়িতে গিয়ে শোকার্ত পরিবারকে সান্ত্বনা দিয়েছেন।

আর আহতদের পরিবার দরিদ্র হওয়ায় উপজেলা পরিষদ থেকে ১০ হাজার টাকা করে চিকিৎসা-সহায়তা দেওয়া হয়েছে বলে তিনি জানান।