২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে কোচিং সেন্টারের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 04:44 PM

Updated : 11 Oct 2022, 12:05 PM

বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে সাদুল্লাপুর থানার পরিদর্শক এমরানুল কবীর জানান।

গ্রেপ্তার মো. কামরুজ্জামানকে (৩০) রংপুরের পীরগঞ্জে উপজেলার মাদারগঞ্জ আইডিয়াল কোচিং সেন্টারের শিক্ষক। সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের বৈষ্ণবদাস গ্রামের আবদুর রহিম মিয়ার ছেলে তিনি।

মঙ্গলবার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলা পরিষদ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান পুলিশ কর্মকর্তা এমরানুল।

মামলার এজাহারের বরাত দিয়ে তিনি জানান, ওই ছাত্রী আইডিয়াল কোচিং সেন্টারে পড়ত। কোচিং শিক্ষক কামরুজ্জামান তাকে প্রায়ই নানাভাবে উত্ত্যক্ত করত। একপর্যায়ে জেএসসি পরীক্ষার ফলাফল ভালো করে দেওয়ার প্রলোভন দিয়ে তার কাছে সাদা কাগজে স্বাক্ষর নেয় কামরুজ্জামান।

“এরপর এফিডেফিটে তার সাথে বিয়ে হয়েছে বলে প্রচার চালিয়ে ভয়-ভীতি দেখায় এবং আরও বেশি উত্ত্যক্ত করতে শুরু করে। পরে ছাত্রী বিষয়টি তার পরিবারকে জানালে ঘটনা প্রকাশ পায়।”

পুলিশ কর্মকর্তা এমরানুল বলেন, বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও কোচিং পরিচালককে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় ওই ছাত্রীর পরিবার থেকে সাদুল্লাপুর থানা ও ইউএনও বরাবরে লিখিত অভিযোগ করা হয়

“মঙ্গলবার বিকালে দুই পরিবারের উপস্থিতে অভিযোগের শুনানি করেন ইউএনও রহিমা খাতুন। কিন্তু সেখানেও সুষ্ঠু সমাধান না হওয়ায় কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা করেন ওই ছাত্রীর বাবা।”