চাঁপাইনবাবগঞ্জে বাইকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে এক সাইকেল আরোহীর প্রাণ গেছে ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকার চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে এ দুর্ঘটনায় মোটরসাকেল চালক আহত হয়েছেন বলে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই দেওয়ান আসলাম উদ্দিন জানান।
নিহত এনামুল হক (৬০) সদরের বহরম উপর জোনায়েতপুর গ্রামের দোস্ত মোহাম্মদের ছেলে।
আহত খোরশেদ চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ওই উপজেলার চাঁপাই-পলশা গ্রামের নুহু মাস্টারের ছেলে।
এসআই আসলাম বলেন, মহারাজপুর ঘোড়াস্ট্যান্ড এলাকা দিয়ে যাওয়ার পথে সাইকেল আরোহী এনামুলকে একটি বাইক পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে মোটর সাইকেল চালকও আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে বলে আসলাম জানান।
