২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে বৃদ্ধা হত্যায় দুই জনের যাবজ্জীবন

সিলেটের দক্ষিণ সুরমায় এক বৃদ্ধা হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 04:13 PM

Updated : 19 Aug 2022, 01:31 PM

বুধবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুল হালিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।

দ্ণ্ডপ্রাপ্তরা হলেন, দক্ষিণ সুরমার সিলাম এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে আব্দুস শহীদ ওরফে শহীদ কামালী ও বরইকান্দি কাজিরখলা গ্রামের দুদু মিয়ার ছেলে ছালিক মিয়া।

এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় কাজিরখলা গ্রামের আব্দুল খালিকের ছেলে রাজী আহমদকে খালাস দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী আব্দুল খালিক জানান, ২০১০ সালের ২৪ অক্টোবর রাতে কাজিরখলা গ্রামের মৃত গাবলু মিয়ার স্ত্রী আনোয়ারা খাতুন ওরফে সোনারাকে (৭০) তার ঘরে ঢুকে গলা কেটে হত্যা করে টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় আসামিরা। ছেলেরা প্রবাসে থাকায় ঘরে একাই থাকতেন সোনারা।

পরদিন নিহতের মেয়ে জাহানারা বেগম বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। ২০১২ সালের ২৬ নভেম্বর এ মামলার বিচারকাজ শুরু হয়।