২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাত মামলায় গ্রেপ্তার ভূমি অধিগ্রহণ কর্মকর্তা রিমান্ডে

সরকারি তহবিলের ১৪ কোটি টাকা আত্মসাতের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য কিশোরগঞ্জের সাবেক ভূমি অধিগ্রহণ কর্মকর্তা (এলএও) মো. সেতাফুল ইসলামকে রিমান্ডে পাঠিয়েছে আদালত।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 08:00 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

সোমবার দুপুরে কিশোরগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আ. ছালাম খান জিজ্ঞাসাবাদের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর এ আদেশ দেন বলে দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান জানান।

এরআগে সকালে কড়া পাহারায় তাকে আদালতে আনা হয়। আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান তাকে জিজ্ঞসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে গত ১৭ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় ময়মনসিংহ অঞ্চলের একটি দল পিরোজপুর থেকে সেতাফুলকে আটক করে। ওইদিন ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক রাম প্রসাদ মণ্ডল বাদী হয়ে একটি মামলা করেন।

মামলায় সেতাফুলের বিরুদ্ধে জাল দলিলের মাধ্যমে প্রতারণার আশ্রয় নিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়। কিশোরগঞ্জ থেকে বদলির পর তিনি একই পদে পিরোজপুরে দায়িত্বরত ছিলেন।

মামলার এজাহার বলা হয়েছে, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের জন্য কিশোরগঞ্জে কয়েকশ একর ভূমি অধিগ্রহণ করা হয়। এসব ভূমির মালিককে ক্ষতিপূরণের টাকা দেওয়ার সময় জালিয়াতির আশ্রয় নেন জেলা ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মো. সেতাফুল ইসলাম। ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দকৃত তহবিল থেকে পাঁচ কোটি টাকা আত্মসাত করেন তিনি। এ ঘটনা জানতে পেরে শেষ মুহূর্তে আত্মসাতের প্রক্রিয়ায় থাকা আরও নয় কোটি টাকার চেক জব্দ করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন।

এই বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের ঘটনা তদন্তে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দুলাল চন্দ্র সূত্রধর এবং স্থানীয় সরকারের উপপরিচালক মো. জহিরুল ইসলামকে প্রধান করে দুটি তদন্ত কমিটিও গঠন করা হয়। পরে যুগ্ম সচিব মির্জা তারিক হিকমতকে প্রধান করে আরেকটি তদন্ত কমিটি গঠন করে ভূমি মন্ত্রণালয়।

সবকটি কমিটি তদন্ত করে প্রতিবেদন দিয়েছে। 

কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস বলেন, দুটি তদন্ত কমিটির প্রতিবেদনে সরকারি অর্থ আত্মসাতের প্রমাণ মিলেছে। তার বিরুদ্ধে বিভাগীয়সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।