গাজীপুরে ৪ মাসের শিশু চুরির অভিযোগ
গাজীপুর সিটি করপোরেশনের মোগরখাল এলাকায় চার মাস বয়সী একটি শিশু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, দীপায়ন সরকার নামে চার মাসের একটি শিশু চুরির অভিযোগ পাওয়ার পর সিআইডি তদন্ত করছে।
নিখোঁজ দীপায়নের বাবা বরুণ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি স্ত্রী ও শিশুছেলেকে নিয়ে সিটি করপোরেশনের মোগরখাল এলাকার আব্দুর রহিম মোল্লার বাড়ি ভাড়া থাকতেন।
বরুণ বিদ্যুৎ মিস্ত্রির কাজ করেন জানিয়ে বলেন, তার স্ত্রী দীপ্তি রানি গত ৩১ ডিসেম্বর শিশুছেলেকে পাশের ঘরের ভাড়াটিয়া আখিঁ আক্তারের (২৪) কাছে রেখে সাংসারিক কাজ করছিলেন। কিছুক্ষণ পর গিয়ে তিনি শিশুছেলে ও আখিঁ কাউকেই ওই ঘরে দেখতে পাননি।
কোথাও খুঁজে না পেয়ে ১ জানুয়ারি জয়দেবপুর থানায় জিডি করার পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থায়ও অভিযোগ দিয়েছেন বলে তিনি জানান।
