২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে নিপীড়নবিরোধীদের কর্মসূচিতে ছাত্রলীগের হামলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘটে নেতৃত্ব দেওয়া বাম নেতাকর্মীদের মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 02:31 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয়ে ‘নিপীড়নবিরোধী’ শিক্ষার্থীদের বিক্ষোভে ছাত্রলীগের হামলার প্রতিবাদে সারাদেশে প্রগতিশীল ছাত্রজোটের ধর্মঘটের মধ্যে সোমবার বেলা ১১টার দিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।

ধর্মঘটের কারণে সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল বন্ধ ছিল। বিভিন্ন বিভাগের ক্লাস-পরীক্ষাও চলছিল ঢিলেঢালাভাবে।

বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের সদস্য তৌহিদুজ্জামান জুয়েল জানান, ধর্মঘট কর্মসূচির অংশ হিসেবে সকাল ১০টা থেকে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করছিলেন।

এর মধ্যে বেলা ১১টার দিকে ছাত্রলীগ নেতা মুশফিকুর রহমান জিয়ার নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেন জুয়েল।

তিনি বলেন, হামলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিত রুদ্র, সাধারণ সম্পাদক নাজিরুল আজম, সদস্য মইনুদ্দিন মিয়া, জয়দীপ দাস, রশিদ ইফাজ, তৌহিদুজ্জামান জুয়েল, এমকে মুনিম, আব্দুল্লাহ হেল কাফি, নাইম আশরাফ আদিব ও সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবায়েত আহমেদ আহত হন।

তাদের সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান জুয়েল।

তিনি বলেন, “বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা আমাদের নৈতিক আন্দোলনে সংহতি জানিয়ে ক্লাস-পরীক্ষা নেওয়া বর্জন করেছেন। শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে নিয়েই আন্দোলনে নেমেছি।

“অথচ ছাত্রলীগ সন্ত্রসীরা আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালাল। এটা কেন্দ্রীয় ছাত্রলীগের ইন্ধনে হয়েছে। আমরা এর বিচর চাই।”

এ বিষয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া মেলেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহির উদ্দিন আহমেদ বলেন, “হামলার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন শিগিগরই এর সমাধান করব।”