২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘের মুখের সামনে হাত নাড়াইয়েন না: আইভীকে শামীম

নারায়ণগঞ্জ শহর থেকে হকার উচ্ছেদের ঘটনায় সংঘর্ষের পর থানায় মেয়র আইভীকে হত্যাচেষ্টার অভিযোগ দেওয়ায় স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান হুঁশিয়ারি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2018, 10:49 PM

Updated : 11 Oct 2022, 12:03 PM

শনিবার বিকেলে শহরের ইসদার ওসমানী স্টেডিয়ামে এক সভায় আইভীর উদ্দেশে শামীম বলেন, “নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে ভয় দেখাতে চান?

“আপনি বাঘ আর বিড়ালের পার্থক্য বোঝেন না। এটা বাঘ, বিড়াল না। আর বাঘের ঘরে বাঘই জন্ম নেয়, বিড়াল জন্ম নেয় না। বাঘের মুখের সামনে হাত বেশি নাড়াইয়েন না। তারা (মামলার অভিযুক্তরা) ডাকলে শামীম ওসমান লাগবে না। দুই, চার, পঞ্চাশ এক লাখ লোক আসবে। তখন কিন্তু থামাইতে পারুম না।”

গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ শহরে হকার বসানোর ঘটনা নিয়ে আইভী ও শামীমের সমর্থকদের সংঘর্ষে সাংবাদিকসহ উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়।

সংঘর্ষের সময় নিয়াজুল ইসলাম খান নামে শামীমের এক সমর্থককে অস্ত্র হাতে দেখা যায়। এক ভিডিওচিত্রে নিয়াজুলকে মার খেতেও দেখা যায়।

এর এক সপ্তা পরে সিটি করপোরেশনের আইন কর্মকর্তা এজিএম সাত্তার অস্ত্রধারী নিয়াজুলসহ নয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। পুলিশ এটি জিডি হিসেবে গ্রহণ করে।

জনসভায় আইভীর উদ্দেশে শামীম বলেন, “যারা আমার পরীক্ষিত নেতাকর্মী, যাদের নামে অভিযোগ দেওয়া হয়েছে, তাদের নামে অভিযোগ দেয়ার আগে আপনার বুকটা একবার কাঁপা উচিত ছিল। কারণ তারা আপানার নির্বাচনের সময়  অনেক পরিশ্রম করেছে।

“নিজের পকেটের টাকা খরচ করে আমার দিকে এবং নেত্রীর দিকে তাকিয়ে কাজ করেছে। কার কথায় মামলা দিয়া ফালাইলেন? কোন কর্মীর নামে মামলা দিলেন? যেসব কর্মীরা বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ৫০টার বেশি করে মামলা খাইছে, যারা এত মামলা খাইয়াও মামলার গুষ্টি মারে নাই, আপনি মামলা দিয়া তাগো ভয় দেখাইতে চান, এগুলো ভয় পাওনের ছেলে নাকি? আপনি বাঘ আর বিড়ালের তৎফাত বোঝেন না। এটা বাঘ, এটা বিড়াল না। আর বাঘের ঘরে বাঘই জন্ম নেয়। বাঘের ঘরে বিড়াল জন্ম নেয় না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “এমন কিছু কইরেন না, বাঘের মুখের সামনে হাত বেশি নাড়াইয়েন না। তারা কেউ কিন্তু রাস্তা থেকে উঠে এসে নেতা হয় নাই। কর্মীরা ভালবাসে বলেই তারা নেতা হয়েছে। শামীম ওসমানের প্রয়োজন নেই। তারা নিজেরা ডাকলেও দুই, চার, পঞ্চশ হাজার, এক লাখ লোক মাঠে নেমে আসবে। তখন কিন্তু থামাইতে পারব না।”

শামীম বলেন, “যেহেতু রাজনীতি করি, গরিব মানুষের পক্ষে ছিলাম। আছি, থাকব। আমার যা হবার হবে।”

আগামী ৩ ফেব্রুয়ারি তিনি জনসভা করতে চান জানিয়ে বলেন, “ওই জনসভাটা এমনভাবে করতে চাই, যেটা দেখলে আমার নেত্রীর মনটা ভরে যায়। যাতে বলে, আমার নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীরা আছে একসাথে। ওই জনসভায় মেয়রসহ সবাইকে দাওয়াত দেব। দাওয়াত আজকের জনসভা থেকে দিলাম। মেয়রকে দিলাম। মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ভাইকে দিলাম। খোকন, হাই ভাই, সব নেতাকে দাওয়াত দিলাম।

“আসেন, সবাই মিলে একসাথে, এক মঞ্চ থেকে রাজনীতিটা করি। আমি দোষ করলে আমাকে বাদ দিয়ে দেন।  কিন্তু আওয়ামী লীগে সবাই একসাথে থাকি, আসেন। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতাকে  শক্তিশালী করার জন্য দয়া করে বিএনপি আর জামায়াত নিয়ে কইরেন না। কারণ এরা কিন্তু আপনাকেও পরে ছোবল দিবে। ওরা কিন্তু আপনাকে ছাড়বে না।”

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক শওকত হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া জনসভায় ছিলেন।