উখিয়া অটোচালক সমিতির নির্বাচন: হামলায় প্রার্থী নিহত
কক্সবাজারের উখিয়ায় অটোরিকশা চালক সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত এক প্রার্থীর মৃত্যু হয়েছে।
উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানান, শুক্রবার রাতে হামলায় শাহ আলম (৩৮) নামের ওই ব্যক্তি আহত হন। শনিবার ভোরে কক্সবাজার সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
শাহ আলম রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি এলাকার মৃত ঠাণ্ডা মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি খায়ের বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি মরিচ্যা বাজার অটোরিকশা চালক সমিতির নির্বাচন। শাহ আলম সাধারণ সম্পাক পদের প্রার্থী ছিলেন।
ওসি বলেন, নির্বাচন নিয়ে শাহ আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজনের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাতে মরিচ্যা স্টেশনের পানবাজার এলাকায় কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের লোকজন তার উপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।
“স্থানীয়রা শুক্রবার রাতেই তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। শনিবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।”
লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান ওসি।
