গাজীপুরে আইইউটিতে উপাচার্য হটাও আন্দোলন অব্যাহত
বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে গাজীপুরের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির উপাচার্য মুনাজ আহমেদ নূরের অপসারণ দাবিতে আন্দোলন-বিক্ষোভ অব্যাহত রয়েছে।
তবে আন্দোলনকারীরা অনিয়ম-দুর্নীতির কোনো তথ্য-প্রমাণ দিতে পারেননি।
আন্দোলনে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়টির ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. তসলিম রেজা অভিযোগ সম্পর্কে বলেন, “উপাচার্য সহকর্মীদের সঙ্গে অপেশাদারি আচরণ করেন। কর্মচারীদের বেতন বৃদ্ধি অনুমোদন করেননি। আইইউটির সম্পদের অপব্যবহার করেছেন।
“এ রকম নানা কারণে তাকে অপসারণের জন্য আন্দোলন চলছে। অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।”
তবে উপাচার্য মুনাজ বলছেন, “যেসব ইস্যু নিয়ে তারা আন্দোলন করছেন তার কোনো ভিত্তি নেই। তাছাড়া তারা কখনও আমার কাছে আসেননি।”
বিশ্ববিদ্যালয়টি ইসলামি সম্মেলন সংস্থা ওআইসি পরিচালনা করে।
এর আগে উপাচর্যকে অপসারণের জন্য ওআইসিতে আবেদন করা হয় জানিয়ে মুনাজ বলেন, “ওআইসির তরফে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে তদন্ত করে গেছেন।
“তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ার আগেই তারা আমাকে অপসারণের আন্দোলনে লিপ্ত হয়েছেন। এটা উদ্দেশ্যমূলক ও ষড়যন্ত্রমূলক। তদন্ত প্রতিবেদনে যে সিদ্ধান্ত আসে আমি তা মাথা পেতে নেব।”
তার আগ পর্যন্ত তিনি সবাইকে যার যার কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানিয়েছেন।
আন্দোলন সম্পর্কে জয়দেবপুর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, মঙ্গলবার আন্দোলন শুরুর পর থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
“আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের ভেতর থেকে তালা আটকে ভিসির বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার নিয়ে সেখানে অবস্থান ধর্মঘট করছে। কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছে না।”
